২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত মামলাগুলোতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে তারা বঙ্গবন্ধু হত্যা, বিডিআর বিদ্রোহ এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 05:15 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে তারা বঙ্গবন্ধু হত্যা, বিডিআর বিদ্রোহ এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় দেশগুলোর জোটটি আরো বলেছে, এসব মামলায় অভিযুক্তদের মৃত্যুর রায়ের বিরুদ্ধে তাদের অবস্থান। শনিবার ইইউ-র পররাষ্ট্র সম্পর্ক ও নিরাপত্তা কৌশল বিভাগের ঊর্ধ্বতন প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টন এক বিবৃতিতে একথা জানান। ইইউ-র এ বিবৃতি এমন সময় এলো যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষের পথে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার দীর্ঘ প্রতীক্ষিত পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীদের বিচারের পদক্ষেপও নিয়েছে। এছাড়া গতবছর ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনারও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কিছু দিন হলো। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন ওই বিবৃতিতে ক্যাথরিন অ্যাস্টনের পক্ষে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এ বছর বাংলাদেশে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেন, "১৯৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা এবং সম্ভাব্য যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার উদ্যোগের ক্ষেত্রে এ বিবৃতি প্রযোজ্য হবে।" ইইউ-র এ বিবৃতির পক্ষে যুক্তি দিয়ে বলেছে, তারা নীতিগতভাবে যে কোনো ক্ষেত্রে ও যে কোনো পরিস্থিতিতে মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ 'যে উদারতা দেখিয়েছে' তাকে স্বাগত জানানো হয় বিবৃতিতে। এতে আরো বলা হয়,"বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের অনমনীয় অবস্থানকে আমরা জোরালো সমর্থন জানাচ্ছি।" বিকেলে এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের অভিমত জানতে চাওয়া হলে তিনি এ বিষয়টিতে অবগত নন বলে মন্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "তারা তাদের অভিমত জানিয়েছে।" সুরঞ্জিত বলেন, "বাংলাদেশ নিজেদের আইনী প্রক্রিয়া এবং নৈতিক অবস্থান অবস্থান অনুসরণ করছে"। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি প্রসঙ্গে কমিটির চেয়ারম্যান আরো বলেন, "এই মামলাগুলো সাধারণ কোনো মামলা নয়। এই উদ্দেশ্যমূলক রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর জন্য দেশের প্রচলিত নীতির সঙ্গে সঙ্গতি রেখে উচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে বিচার করা প্রয়োজন।" মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এক বিবৃতিতে মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩১২ঘ.