জয়পুরহাট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আখের অভাবে জয়পুরহাট চিনিকলে মাড়াই বন্ধ হয়ে গেছে। এই কারণে চলতি মৌসুমে এই কারখানায় চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় চলতি মৌসুমে মাড়াই শুরুর ৩৪ দিন পর চিনিকলটিতে উৎপাদন বন্ধ গেছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম।
তিনি সাংবাদিকদের জানান, ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ৩২০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চিনিকলটি গত ১৮ ডিসেম্বর মাড়াই শুরু করে।
এর মধ্যে ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই হয়েছে। উৎপাদন হয়েছে তিন হাজার ৮৭০ মেট্রিক টন চিনি।
চিনিকলের একাধিক কর্মকর্তা, কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চিনিকলের অধীন নওগাঁর মহাদেবপুর ও দিনাজপুরের ফুলবাড়ী, বিরামপুর এলাকার জমিতে এখনো আখ আছে। কিন্তু চাষীরা বেশি দামে গুড় উৎপাদকদের কাছে আখ বিক্রি করায় চিনিকল আখ পাচ্ছে না।
তারা জানান, চিনিকল প্রতিমণ আখের জন্য চাষীদের ৭০ টাকা দিয়ে থাকে। অন্যদিকে গুড় উৎাদকদের কাছে চাষীরা প্রতিমণ আখের দাম পাচ্ছে ১১০-১২০ টাকা।
তারা মনে করেন, এখনো জমিতে যে পরিমান আখ রয়েছে, তাতে আরো ২০-২৫ দিন চিনি উৎপাদন সম্ভব হত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24