২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ঘেরাও-ভাংচুর

গাইবান্ধায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও, ভাংচুর ও তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা চাকরি প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

গাইবান্ধা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও, ভাংচুর ও তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা চাকরি প্রার্থীরা। শনিবার সকাল ১০টায় মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা সন্তান কোটায় শতকরা ৩০ ভাগ নিয়োগ সংরক্ষণে অনিয়মের অভিযোগ এনে চাকরী প্রার্থী স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তানসহ ছাত্র-শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। তারা লিখিত পরীক্ষা বাতিল করে আবারো নেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে তারা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও, ভাংচুর এবং সিভিল সার্জনের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে তারা সমাবেশ করে। এই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদে চাকরি প্রার্থী সদর উপজেলার থানসিনপুর গ্রামের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ছেলে আইনুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩২১ জনের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শতকরা ৩০ ভাগ হিসেবে ৩২ জনকে মৌখিক পরীক্ষায় ডাকার কথা। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে মাত্র ১১ জন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিয়োগ বাণিজ্য করার জন্য সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধার সন্তান কোটা গাইবান্ধায় সংরক্ষণ করা হয়নি। সিভিল সার্জন মোটা অংকের উৎকোচ নিয়ে লোক নিয়োগের পাঁয়তারা চালাচ্ছেন বলেও তারা অভিযোগ করেন। লিখিত পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন-কর্মসূচি দেওয়া হবে বলে জানান ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ সরোয়ার, রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আব্দুস সালাম, লিখন মিয়া প্রমুখ। সিভিল সার্জন ডা. রফিকুদ্দৌলা অনিয়ম-দুর্নীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ৩০ ভাগ সংরক্ষণে অনিয়ম হয়নি। তিনি জানান, জেলার সাত উপজেলায় ১০৭টি স্বাস্থ্য সহকারীর শূন্য পদের জন্য প্রায় ১৭ হাজার ৩৬১টি আবেদন জমা পড়ে। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১৬ হাজার ২৬০ জন অংশ নেয়। এর মধ্যে ৩২১ জন উত্তীর্ণ হয়। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ৩২ জনকে নিয়োগের বিধান থাকলেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ জন। সিভিল সার্জন জানান, শনিবার সকাল ১০টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল। এ সময় মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে কিছু ছাত্র ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী তার কার্যালয়ে ঢুকে মৌখিক পরীক্ষা দিতে আসা প্রার্থীদের বের করে দেয়। তার কার্যালয়ে ভাংচুর ও তালা ঝুলিয়ে দেওয়ায় মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। সদর থানার ওসি আকবর হোসেন জানান, সিভিল সার্জন কার্যালয়ে হট্টগোলের কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে এ ঘটনায় থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১০ ঘ.