২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম বেতন ৫ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬৬২ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 09:01 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬৬২ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানায়। এ সময় শ্রম আইন- ২০০৯ সংশোধনী বাতিলসহ পাঁচ দফা দাবি আদায়ে ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যান্য দাবি হচ্ছে- শিল্প মালিকদের নিজস্ব পুলিশ বাহিনী গঠনের পদক্ষেপ বাতিল করে প্রচলিত পুলিশ বাহিনীর মাধ্যমে শিল্পাঞ্চলে অসন্তোষ নিরসনের উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-৮৭ অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনকারী শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রম আইনে নিরাপত্তামূলক আইন সংযোজন, পণ্য তৈরির আগে পিস রেটে কাজের রেট ঘোষণা এবং এ ধরনের পণ্যের শ্রমিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান। তিনি বলেন, ২০০৬ সালে নির্ধারিত ১৬৬২.৫০ টাকা মজুরি দিয়ে শ্রমিকদের বর্তমানে জীবনধারণ দুঃসাধ্য হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল বৃদ্ধির পর জীবন ধারণের ব্যয় আরো বেড়েছে। এ অবস্থা শ্রমিকদের জন্য মড়ার উপর খাড়ার ঘার মতো হয়ে দাঁড়িয়েছে। শ্রম আইন সংশোধনী- ২০০৯ এর ৩০৬ ও ৩০৭ নম্বর ধারায় শিল্প মালিকদের শাস্তি কমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধানের সমালোচনা করে তিনি বলেন, "এর ফলে শিল্প মালিকরা শ্রম আইন লঙ্ঘনে আরো বেশি উৎসাহিত হবে।" সংগঠনের আরেক কেন্দ্রীয় নেতা আমিরুল হক শিল্পাঞ্চলে অসন্তোষ নিরসনে নিজস্ব পুলিশ বাহিনী গঠনের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ'র দাবির নিন্দা জানান। ন্যায্য ওভারটাইম বিল ও মজুার পেলে শ্রমিকরা অসন্তোষ করে না দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "নিজস্ব পুলিশ বাহিনী গঠন করে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তাদেরকে ভয়-ভীতি দেখানো হবে।" রাষ্ট্রীয় পুলিশ বাহিনীই নানা ধরনের সমস্যা সমাধানে যথেষ্ট বলে মন্তব্য করেন আমিরুল হক। এ সময় তিনি শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে আইএলও কনভেনশন-৮৭ অনুযায়ী শ্রম আইন সংশোধনের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/১৫০০ ঘ.