বাগেরহাট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে ঢাকার পশুসম্পদ অধিদপ্তরের সহকারী ভাণ্ডার কর্মকর্তা (স্টোর অফিসার) মো. আফসার আলী মল্লিকের বিরুদ্ধে শুক্রবার আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
দুদক খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বাদী হয়ে ঢাকার তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার একই অভিযোগে একই বাদী তার বিরুদ্ধে আরো একটি মামলা করেছেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায়।
মামলার এজাহারের বরাত দিয়ে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশু সম্পদ অধিদপ্তরে কর্মরত ওই কর্মকর্তা সরকারি নিয়ম ভেঙে পরিচয় গোপন করে ব্যবসা করছেন এবং স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক কারওয়ান বাজার শাখায় নিজ নামে ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তিনি ২০০৪ সালের ৪ জানুয়ারি থেকে ২০০৯ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত তিন কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫৯৯ টাকা ৫২ পয়সা জমা করেছেন এবং বিভিন্ন সময়ে সমপরিমাণ অর্থ উত্তোলন করেছেন বলে দুদক কর্মকর্তা জানান।
মঞ্জুর মোর্শেদ আরো বলেন, আফসার আলী মল্লিক বেআইনিভাবে জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধিত হয়ে ফ্যালকন হোমস লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার হন।
এ সব অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালের ৫মে তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। একই মাসের ২৭ তারিখ তিনি ৭৩ লাখ ১৮ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন।
পরবর্তীতে দুদকের অনুসন্ধানে তার দেওয়া হিসাব আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ হওয়ায় এই মামলা দায়ের করা হয়।
আফসার আলী মল্লিকের বাড়ি সাতক্ষীরা জেলার চৌবাড়িয়া গ্রামে। তিনি এখন ঢাকার ফার্মগেট এলাকায় সম্পদ অধিদপ্তরে কর্মরত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24