টঙ্গী (গাজীপুর), জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মুসল্লি মারা গেছেন।
তারা হলেন, ময়মনসিংহের চকপাড়ারা থানার দাকুনিয়া এলাকার রিয়াজ উদ্দিন (৬৫) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার সুনরং গ্রামের বদিউজ্জামান (৬১)।
ইজতেমার আয়োজক তাবলিগ জামায়াতের নেতা (মাসলাহ জামায়াতের জিম্মাদার) মো. আদম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বদিউজ্জামান এবং শুক্রবার ভোর ৫টার দিকে রিয়াজউদ্দিন মারা যান।
দুপুরে জুমার নামাজের পর তাদের জানাজা হয় বলে জানান তিনি। লাশ দুটি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার ফজরের নামাজের পর আ'ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।
জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই টঙ্গী, গাজীপুর, নরসিংদী ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, প্রাইভেটকার, নৌকা, ট্রেন ও পায়ে হেঁটে ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন মুসল্লিরা।
জুমায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। রোববার আখেরি মোনাজাতে লক্ষ মুসলমান সমবেত হবে বলে আশা করছেন আয়োজকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬০০ ঘ.
bdnews24