আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
টঙ্গী (গাজীপুর), জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমায় আসা হাজারো মুসল্লির পদভারে এখন মুখরিত টঙ্গীর তুরাগ তীর। শুক্রবার ফজরের নামাজের পর আ'ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।
রোববার আখেরি মোনাজাতে লাখো মুসলমান অংশ নেবে বলে আশা করছে আয়োজকরা।
শুক্রবার জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই টঙ্গী, গাজীপুর, নরসিংদী ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, প্রাইভেটকার, নৌকা, ট্রেন ও পায়ে হেঁটে ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন মুসল্লিরা। পুরো টঙ্গী এলাকা যেন এখন টুপি-পাঞ্জাবি পড়া মানুষের বিশাল সমুদ্র। মহাসড়ক থেকে শুরু করে প্রতিটি অলিগলিতে তাদের পদচারণা।
ইজতেমার মুরুব্বি (নেতা) মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টায় ইজতেমা ময়দানে উপমহাদেশের বৃহত্তম জু'মার জামাত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের মাওলানা যোবায়ের হাসান।
সকালে মাঠ ঘুরে দেখা যায়, ইজতেমার মূল প্যান্ডেল পূর্ণ হয়ে যাওয়ার পর বহু মুসল্লি খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। জুমার নামাজ শুরুর আগেই মূল মাঠ ছাপিয়ে আশপাশের রাস্তা, দালানের ছাদে মুসল্লিরা অবস্থান নেন। হোগলা পাটি, পলিথিন, খবরের কাগজ, জায়নামাজ বিছিয়ে জিকিরে মশগুল তারা।
আবহাওয়া অনুকূল থাকায় এবারের বিশ্ব ইজতেমায় সর্বাধিক সংখ্যক মানুষ অংশ নেবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। বাড়তি মুসল্লির কথা ভেবে এবারে মাঠে মূল প্যান্ডেলের পরিসর বাড়ানো হয়েছে।
২০-২৫ হাজার বিদেশি অতিথির জন্য মাঠের উত্তর-পশ্চিম কোণায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
গিয়াস উদ্দিন আহমেদ জানান, এবার ভারত, পাকিস্তান থেকে আসা বিশ্ব তাবলিগ জামাতের মাওলানারাসহ বাংলাদেশের কয়েকজন মাওলানা বয়ান করবেন। বিদেশি মেহমানদের জন্য মূল বয়ান উর্দুতে হলেও সঙ্গে সঙ্গে তা বাংলা, ইংরেজি, আরবি, তামিল, চীনসহ বেশ ক'টি ভাষায় শোনানো হবে।
মাঠের পশ্চিম পাশে বয়ান মঞ্চ থেকে প্রথম দু'দিন এবং শেষ দিন মাঠের পশ্চিম কোণায় বিদেশি নিবাসের সামনে স্থাপিত বিশেষ মোনাজাত মঞ্চ থেকে হেদায়তি বয়ান এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এবারও মাঠের প্যান্ডেলের বাইরে চারপাশে খোলা জায়গায় রান্নার কাজ করতে দেখা গেছে মুসল্লিদের। শীত-ঠাণ্ডা আর ধুলা-বালির মধ্যে কষ্টে রান্না-বান্নার কাজ করলেও সবকিছুই যেন তাদের কাছে সহনীয় হয়ে গেছে। এতোটুকু বিরক্তি নেই কারো মধ্যে।
ইজতেমা মাঠের আশপাশ এলাকায় গড়ে ওঠেছে নানা পণ্যের অস্থায়ী বাজার। এসব বাজারে গরম কাপড়, হোগলার পাটি, ধর্মীয় বই, কাপড়, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যাচ্ছে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, দোকান ভিটাগুলোর ভাড়া বেশি। ৩-৭ দিনের জন্য এসব দোকান প্রকারভেদে ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।
আবার এক দল লোককে পুরনো এক পিস খবরের কাগজ ২ টাকা এবং ওজুর এক বদনা পানি ২ টাকায় বিক্রয় করতে দেখা গেছে। মূল মাঠের পানির হাউজে গিয়ে ওজু করার বিড়ম্বনা আর ভিড় এড়াতে অনেকে ওজুর পানি কিনে মাঠের বাইরে কোন স্থানে খবরের কাগজ বিছিয়ে অস্থায়ীভাবে অবস্থান নিয়ে বয়ান শুনছেন ও নামাজ আদায় করছেন।
এদিকে টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ইজতেমা এলাকায় অভিযান চালিয়ে সাত পকেটমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইজতেমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য সেখানে মোতায়েন রয়েছে। উঁচু পর্যবেক্ষণ কেন্দ্র বানিয়ে তা থেকে সতর্ক নজরদারি চালাচ্ছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১৭ ঘ.
bdnews24