২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু অপহরণকারী গ্রেপ্তার

মহানগরী থেকে র‌্যাব শিশু অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। অপহৃত এক শিশুকেও উদ্ধার করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরী থেকে র‌্যাব শিশু অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। অপহৃত এক শিশুকেও উদ্ধার করেছে তারা। বুধবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে মুক্তিপণের টাকাসহ মোহাম্মদ আলমগীর নামের ওই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, "আলমগীরের স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে নগরীর বায়েজীদ বোস্তামি এলাকার মুক্তিযোদ্ধা কলোনির একটি বাসা থেকে ইমাম হোসেন টিপুকে (১৩) উদ্ধার করা হয়।" গত ১৮ জানুয়ারি টিপু ঢাকা থেকে নগরীর পাহাড়তলীতে তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। টিপুর পরিবারের পূর্ব পরিচিত মিরাজ উদ্দিন নামের এক যুবক ও তার সহযোগীরা ওইদিন রাতে একে খান গেট এলাকা থেকে তাকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি টিপুর বাবা গোলাম মোস্তফা র‌্যাবকে জানান। এরপর র‌্যাবের পরিকল্পনা অনুসারে তিনি মুক্তিপণের টাকার একটি অংশ বুধবার রাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান। ওই টাকা আনতে অপহরণকারী চক্রের সদস্য আলমগীর আগ্রাবাদে গেলে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২১৫১ঘ.