ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যকার সাঈদ আহমদ আর নেই।
বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগা এ নাট্যব্যক্তিত্ব বৃহস্পতিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
দুপুর ১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য দেড় ঘণ্টা রাখা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাঈদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক ছিলেন ।
বৃহস্পতিবার সকাল ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান বলে নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নাট্যকার সাঈদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, সাঈদ আহমেদের মৃত্যুতে দেশের নাট্যজগতের অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।"
তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং নাট্যকলা বিভাগও পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
সাঈদ আহমদ ১৯৩১ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ থেকে '৫৬ সাল পর্যন্ত তিনি বিবিসিতে কাজ করেন।
ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া, মরক্কো, নরওয়ে, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও থিয়েটার একাডেমিতে তিনি পড়েছেন।
প্রকৃতির শক্তির বিরুদ্ধে মানুষ কিভাবে লড়াই করে টিকে থাকে- সাঈদ আহমদের লেখায় তাই উঠে এসেছে। তার বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে কালবেলা (১৯৬২), মাইলপোস্ট (১৯৬৫), এক দিন প্রতিদিন (১৯৭৪), শেষ নবাব (১৯৮৮) ইত্যাদি।
তার নাটক ইংরেজি, ফরাসি, জার্মান ও ইতালিয়ান ভাষাতেও অনুদিত হয়েছে।
১৯৭৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'লিজিয়োঁ দো অনার' পুরস্কার লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৯০০ঘ.
bdnews24