শেরপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে গ্রেপ্তার করা আল্লাহর দলের সাত সদস্যের মধ্যে তিনজনকে হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
গ্রেপ্তার করা সাতজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। এর মধ্যে পুলিশ তিনজনকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চায়।
ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. ইকবাল বাহার শুনানি শেষে তাদের পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
যাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন-শেরপুর পৌর এলাকার কসবা কাচারিপাড়া মহল্লার বাসিন্দা আল্লাহর দলের থানা নায়ক দেলোয়ার হোসেন বাবুল (৪০), তার স্ত্রী রানু বেগম (২৮) ও সদর উপজেলার বয়ড়া পরানপুর গ্রামের বাসিন্দা আল্লাহর দলের গ্রাম নায়ক মইনুল ইসলাম (৩০)।
বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কসবা কাচারীপাড়া, বয়রা পরানপুর ও তাতালপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সংগঠনের বিভিন্ন কাগজপত্র।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকেই থানায় এনে তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।
বাকি চারজন- আনিসুর রহমান, নুর হোসেন, আবু বকর ও পারভনী আক্তারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।
জেলায় সক্রিয় আল্লাহর দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই নজরুল ইসলাম জানান।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, আল্লাহর দলের গ্রেপ্তারকৃত সাত সদস্যকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একমাসের আটকাদেশের প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24