২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৫ম সংশোধনী বাতিলের ক্ষমতা হাইকোর্টের নেই'

পঞ্চম সংশোধনী বাতিলের ক্ষমতা হাইকোর্টের নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী টি এইচ খান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 08:08 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পঞ্চম সংশোধনী বাতিলের ক্ষমতা হাইকোর্টের নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী টি এইচ খান। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর শুনানিতে তাদের আইনজীবী টিএইচ খান বৃহস্পতিবার এ কথা বলেন। আবেদনের ওপর শুনানি রোববার (২৪ জানুয়ারি) পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবারের নির্ধারিত শুনানি শেষে পরবর্তী দিন দিন ধার্য করে। দেলোয়ারের কৌঁসুলি টিএইচ খান বলেন "কোন আইন সংসদ দ্বারা বাতিল হতে পারে। সেক্ষেত্রে সংবিধানের চতুর্থ তফসিলের ৩ (ক) দিয়ে সুরক্ষার কথা থাকলেও তা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, সংসদের ক্ষেত্রে নয়।" বিচারপতিদের ক্ষমতা বিষয়ে ১০১ ও ১০২ অনুচ্ছেদ উল্লেখ করে টিএইচ খান বলেন, "সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা আদালতের নেই।" তিনি বলেন, "এ কারণে ১৯৯৬ সালে সংবিধানের ২১ নম্বর আইন দ্বারা আওয়ামী লীগ সরকার তৎকালীন খন্দকার মুশতাক আহমেদ সরকারের করা ইনডেমনিটি অধ্যাদেশ রহিত করেছিল। আদালত দিয়ে এটা বাতিল করা হয়নি। সুতরাং পঞ্চম সংশোধনীকে আদালত অবৈধ করতে পারে না, পারে কেবল সংসদ।" দেলোয়ারের অপর কৌঁসুলি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, "মুন সিনেমা হল ফেরত চেয়ে আবেদনটা করা হয়েছিল। কিন্তু পুরো সংশোধনী বাতিল করে হাইকোর্ট রায় দিয়েছে। এটা চাওয়ার চেয়েও বেশি হয়েছে। পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করে নয় শুধু অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল।" তিনি আরও বলেন, "৫ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছিল। যেমনভাবে সপ্তম সংশোধনীর মাধ্যমে মার্শাল ল' বৈধতা দেয়া হয়েছিল। এরপর একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের ক্ষমতা গ্রহণকে বৈধতা দেয়া হয়েছিল। এসব বৈধতা সবই একই রকম। "সুতরাং পঞ্চম সংশোধনীও বৈধ। এটা অবৈধ বলার কোন সুযোগ নাই।" সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। তবে বর্তমান সরকার ওই আপিলের আবেদন প্রত্যাহার করেছে। তবে এ প্রক্রিয়া চলাকালে খোন্দকার দেলোয়ার ও জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন। হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৬২৫ ঘ.