সাতক্ষীরা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার কাজ চতুর্থ দিনের মতো শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়।
বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করে ৭ রাইফেলস ব্যাটালিয়নের ১৬ সদস্য একদিন আগে লিখিত ও মৌখিকভাবে তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
সকাল ৯টায় সাতক্ষীরা কারাগার থেকে অভিযুক্ত ৬০ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়।
এ পর্যন্ত বাদিসহ মোট ১০ জন সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে নেতৃত্ব দিচ্ছেন। তাকে সহায়তা করছেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল করিম।
গত সোমবার এ মামলায় অভিযোগ গঠন হয়।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের পরদিন সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিডিআর বিদ্রোহের মামলা চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে।
গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিডিআর আদালতে এ মামলার বিচার কাজ শুরু হয়।
বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24