২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয় নিবন্ধন বিল সংসদে পাস

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পনের বছর এবং জালিয়াতির দায়ে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রেখে 'জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০১০' জাতীয় সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পনের বছর এবং জালিয়াতির দায়ে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রেখে 'জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০১০' জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকৃত বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ। এর আগে সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ বিলের ব্যাপারে প্রতিবেদন পেশ করে। গত ২৮ অক্টোবর আইনমন্ত্রী সংসদে এ বিলটি উপস্থাপন করেন। বিলে বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটারযোগ্য নাগরিকরা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র দেওয়ার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ছয়মাস আগে পুনঃনিবন্ধনের জন্য নির্ধারিত ফি দিয়ে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। এছাড়া মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কোনো কর্মকর্তা-কর্মচারি জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত নষ্ট বা বিকৃত করলে তারও শাস্তির বিধান রাখা রয়েছে। তবে কোনও ব্যক্তি তথ্য নষ্ট বা বিকৃত করলে দুই বছরের কারাদণ্ড বা চল্লিশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড ভোগ করবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র তৈরি, বিতরণ ও রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে ইসি। জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে যথাযথ ফি দিয়ে কমিশনে আবেদন করতে হবে। তবে পরিচয়পত্রে ইসি ভুল করলে ফি ছাড়াই আবেদন করে তা সংশোধন করা যাবে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও নির্ধারিত ফি দিয়ে আবেদন সাপেক্ষে নতুন জাতীয় পরিচয় সংগ্রহ করা যাবে। কোনও বাংলাদেশী নাগরিকের নাগরিকত্বের অবসান হলে তার জাতীয় পরিচয়পত্র বাতিল হয়ে যাবে এবং এ পরিচিতি নম্বর আর ব্যবহার করা যাবে না। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের কিছু সেবা পেতে জাতীয় পরিচয়পত্র দাখিল বা প্রদর্শনের ব্যবস্থা প্রবর্তন করা যাবে। তবে সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র না দেওয়া পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি করতে পারবে না। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনওভাবে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বা দাখিল বাধ্যতামুলক করা যাবে না। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে কোনও নাগরিককে নাগরিক সুবিধা বা সেবা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত করা যাবে না বলে বিলে বলা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 'জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮' প্রণীত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১০৬ ঘ.