শেরপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার কয়েকটি স্থান থেকে বুধবার আল্লাহর দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন কাগজপত্রও উদ্ধার করা হয়।
এরা হলেন- দলের থানা নায়ক কসবা কাচারীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন বাবুল (৪০), তার স্ত্রী রানু বেগম (২৮), একই গ্রামের আনিস (২১), বয়রা পরানপুরের গ্রাম নায়ক মইনুল (৩০), পারভীন (১৭), তাতালপুর গ্রামের নূর হোসেন (৫৫) ও আবু বকর (৫০)।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার কসবা কাচারীপাড়া, বয়রা পরানপুর ও তাতালপুর গ্রামে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আল্লাহর দলের সদস্য বলে জানিয়েছেন। শেরপুর জেলা শহরে এদের শতাধিক কর্মী কাজ করছে।
তাদের সদর থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24