ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ বছরের কম বয়সি গৃহশ্রমিক নিয়োগ নিষিদ্ধ করার আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
দেশে বর্তমানে প্রায় ২০ লাখ গৃহশ্রমিক রয়েছে জানিয়ে বুধবার এক সভায় তাদের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন এবং ১৪ বছরের কম বয়সিদের এ পেশায় নিয়োগ নিষিদ্ধের সুপারিশ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
এর পর সভার প্রধান অতিথি শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, "গৃহশ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার প্রতিষ্ঠার বিষয়টি শ্রম আইনের সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হবে। ১৪ বছরের নিচের গৃহশ্রমিক নিয়োগ বন্ধের বিষয়টিকেও আইনি কাঠামোর মধ্যে আনা হবে।"
"তবে শুধু আইন বা বিধিমালা করেই তাদের (গৃহকর্মী) অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা", বলেন মন্ত্রী।
গৃহশ্রমিকদের নিয়ে বুধবার রাজধানী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিলস-এর গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
সভায় গৃহশ্রমিকদের নিয়োগপত্র দেওয়া এবং ন্যূনতম মজুরির আওতায় আনার সুপারিশও করা হয়। সভায় জানানো হয়, গৃহশ্রমিকদের কোনো নিয়োগপত্র ও ন্যূনতম মজুরির ব্যবস্থা নেই। ২০০৬ সালের শ্রম আইনেও এ বিষয়টি উপেক্ষিত হয়েছে।
শ্রমমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরও গৃহশ্রমিকদের আইনের আওতায় না আনাটা আমাদের জন্য লজ্জার।
২০০৬ সালের শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ জানান, বিদেশে বর্তমানে ৭০ লাখ শ্রমিক কাজ করছে। এর বেশিরভাই আরব দেশগুলোতে।
"নির্যাতনের শিকার হওয়ার কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা হয়েছিলো। কিন্তু এতে অবৈধ পথে নারী পাচার বেড়ে যায়। ফলে সরকার আবার নারী শ্রমিক পাঠানো শুরু করেছে।"
বিদেশে শ্রমিকদের নিরাপত্তায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
বিলস এর চেয়ারম্যান হাবিবুর রহমানা সিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শ্রম সচিব নূরুল হক, আইএলও'র ঢাকার প্রতিনিধি গগনরাজ ভাণ্ডারী, বিলস এর মহাসচিব নজরুল ইসলাম খান, প্রাক্তন সাংসদ শাহ আবু জাফর, আব্দুল মতিন মাস্টার, আব্দুল কাদের হাওলদার, শিরীন আখতার, ড. এএসএম আতিকুর রহমান, তালেয়া রহমান ও হোসনে আরা কাসেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24