২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালানের হোতাদের বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোরাচালানের হোতাদের (গডফাদারদের) একটি তালিকা পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পরিকল্পনা অনুযায়ী তালিকা ধরে তাদেরকে আটক করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাচালানের হোতাদের (গডফাদারদের) একটি তালিকা পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পরিকল্পনা অনুযায়ী তালিকা ধরে তাদেরকে আটক করা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটি'র ৪৬তম সভা শেষে তিনি এ কথা বলেন। চোরাচালানিদের চূড়ান্ত আরেকটি তালিকা তৈরির বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, "গডফাদারদের একটি তালিকা পাওয়া গেছে। তালিকা মাফিক তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।" এই মুহুর্তে তালিকায় কতজন আছে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এ তালিকা জনসম্মুখে প্রকাশ করলে 'গডফাদারদের' ধরা কঠিন হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "চোরাচালানকারী কিছু ব্যক্তিকে আমরা ধরতে পারলেও গডফাদারদের খুঁজে বের করতে পারছি না। "তবে ইতোমধ্যে চোরাচালান পণ্য বহনকারী যারা ধরা পড়েছে, গোয়েন্দা সংস্থার কাছে তাদের একটি তালিকা রয়েছে। এদের সূত্র ধরেই আমরা গডফাদারদের খুঁজে বের করবো।" অতীতের চেয়ে মাদকদব্য ও আগ্নেয়াস্ত্র চোরাচালানের পরিমাণ কমে এসেছে বলেও দাবি করেন সাহারা খাতুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জিএনএ/১৫৩২ ঘ.