২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর মামলায় ছয়জনের সাক্ষ্য

সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে করা বিদ্রোহের মামলায় মঙ্গলবার আরো ছয়জনের সাক্ষ্য নিয়েছে বিশেষ আদালত। এ নিয়ে সাতজনের সাক্ষ্য নেওয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 04:23 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

সাতক্ষীরা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে করা বিদ্রোহের মামলায় মঙ্গলবার আরো ছয়জনের সাক্ষ্য নিয়েছে বিশেষ আদালত। এ নিয়ে সাতজনের সাক্ষ্য নেওয়া হল। বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবী করা হয়েছে। সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এই বিডিআর সদস্যদের বিচার কাজ চলছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর। রাজধানীর বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় গত বছর ৭ রাইফেলস ব্যাটালিয়নে জওয়ানদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা হয়। এ মামলায় প্রথম দফায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরো ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৭ ডিসেম্বর সাতক্ষীরার বিশেষ আদালতে এই মামলার বিচার কাজ শুরু হয়। পরদিন গ্রেপ্তার বিডিআর সদস্যদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। ৪১ দিন মুলতবী থাকার পর সোমবার বিচার কাজ আবার শুরু হয় এবং বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন সাক্ষ্য দেন মামলার বাদী সুবেদার মেজর এসএম সরোয়ার জাহান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মুলতবী বিচার শুরু হওয়ার পর আদালতে একে এক সাক্ষ্য দেন- নায়েক মো. শহীদুল ইসলাম, হাবিলদার দেলোয়ার হোসেন, হাবিলদার মশিউর রহমান, ল্যান্স নায়েক নিয়ামুল ইসলাম, নায়েক মহব্বত হোসেন ও স্কুল শিক্ষক বশির আহম্মেদ। সাক্ষীরা বলেন, অভিযুক্তরা ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের নামে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করেন। অস্ত্রাগার ভেঙে গোলাবারুদ নিয়ে মহড়া দেন। বেসামরিক লোকদের হত্যারও হুমকি দেন। সেনাবাহিনী আসছে বলে গুজবও ছড়ান তারা। সেনা সদস্যদের আশ্রয় দিলে এলাকার মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন। এরপর অভিযুক্ত বিডিআর সদস্যরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সাক্ষীদের জেরা করেন। অভিযুক্ত হাবিলদার মাসুদুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট আবু জাহিদ আদালতে হাজির হয়ে তার মক্কেলকে আর পরামর্শ দেবেন না বলে জানিয়ে দেন। আদালত বরাবর এক আবেদনে তিনি বলেন, "এ প্রক্রিয়ায় একজন বিবাদীকে যথাযথ আইনি পরামর্শ দেওয়া সম্ভব নয়।" দুই দফা বিরতির দিয়ে বিচার কাজ চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এরপর আদালত মুলতবী করা হয়। আদালতের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিচার কাজ পরিচালনা করেন। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ ও মেজর লুৎফুল করিম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. খসরুজ্জামান। আদালতকে সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি শাহিদুর রহমান ও মোশারফ হোসেন কাজল। এ ছাড়া বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ওবায়দুল আহসান, ৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম ইকবাল আজিম, কৌসুলি লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম উপস্থিত ছিলেন। গতবছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এই বিডিআর বিদ্রোহের বিচারে ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। রাঙামাটিতে নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে নভেম্বরই সারা দেশে বিদ্রোহের বিচার শুরু হয়। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/ডিডি/এমএসবি/২২০৫ ঘ.