চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিএনপি'র নোমান ও আমীর খসরুর অনুসারীরা মঙ্গলবার পৃথকভাভে কর্মসূচি পালন করেছেন।
সকালে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার অনুসারীরা এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা আলাদাভাবে পুষ্পস্তবক অপর্ণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
মহানগর বিএনপি'র উদ্যোগে বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে দলের সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সরকার ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
অবিলেেম্ব এ আত্মঘাতী সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি'র সহ-সভাপতি শামুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ান প্রমুখ।
নোমানপন্থী মহানগনর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের শ্রমিক বিষয়ক সহ-সম্পাদক এএম নাজিম উদ্দিন, সদস্য আনোয়ার হোসাইন, মাহাবুবুর রহমান শামীম, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, বিএনপি নেতা এম এ সবুর, আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২২১১ ঘ.
bdnews24