লিটন হায়দার
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - যন্ত্র পাঠযোগ্য পাসপোর্ট এবং ভিসা (এমআরপি ও এমআরভি) তৈরির কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগের জবাব দিতে ওই প্রকল্পের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহকে তলব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।
প্রকল্পের দরপত্রে অংশ নেওয়া ফরাসি প্রতিষ্ঠান ওবারথার টেকনোলজির অভিযোগের ওপর শুনানির জন্য প্রকল্প পরিচালক জেনারেল রেফায়েতকে ২৬ জানুয়ারি মন্ত্রণালয়ের সংশ্লিস্ট কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণও মূল্যায়ন বিভাগের কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত কারিগরি ইউনিট সোমবার এক চিঠি দিয়ে প্রকল্প পরিচালককে তাদের শের-এ- বাংলা নগরের কার্যালয়ে হাজির হতে বলেছ্।ে
চিঠির বিষয়ে জানতে চাইলে রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারিগরি কমিটি যা যা জানতে চাইবে তার উত্তর ঠিক ভাবেই দেওয়া হবে। দরপত্রে অংশ নেওয়া কারো পক্ষই নেওয়া হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়েই মূল্যায়ন রির্পোট জমা দেওয়া হয়েছে।"
ওবারথার গত ৫ জানুয়ারি কারিগরি ইউনিটের কাছে মূল্যায়ন কমিটির সুপারিশে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে লিখিত অভিযোগ করে। এই মূল্যায়ন কমিটিরও প্রধান জেনারেল রেফায়েত।
এই প্রকল্পে ৩২টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও শেষ পর্যন্ত মোট ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মূল্যায়ন কমিটি ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টিকে প্রাথমিকভাবে বেছে নেয়। এই চারটি হচ্ছে আইআরআইএস কর্পোরেশন বারহেড, ফ্লোরা টেলিকম লিমিটেড, ওবারথার টেকনোলজি এবং বিজেএন্ডসি সিকিউরিটি প্রিন্টিং কোম্পানি লিমিটেড।
মূল্যায়ন কমিটি প্রথম দফা প্রতিবেদনে আইআরআইএস কর্পোরেশন বারহেড এবং ফ্লোরা টেলিকম লিমিটেডকে কাজ দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। আইআরআইএস এর বিরুদ্ধে অভিযোগ এলে মূল্যায়ন কমিটি তাকে বাদ দিয়ে দ্বিতীয় প্রতিবেদনে শুধু ফ্লোরাকে রাখে। পরে আইআরআইএস তাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয় বলে রির্পোট দিলে তৃতীয় প্রতিবেদনে আবার আইআরআইএসকে অর্ন্তভুক্ত করে মূল্যায়ন কমিটি।
তুরস্কের ই-পাসপোর্ট প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সব সরকারি কাজে অংশ নেওয়া থেকে আইআরআইএসকে নিষিদ্ধ করে।
গত ১৪ জানুয়ারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মালয়েশিয়া ভিত্তিক আইআরআইএস কর্পোরেশনকে এই প্রকল্পের কাজ করার অনুমতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/২১০০ ঘ.
bdnews24