২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা সুরাহায় বিকল্প পদ্ধতি বাধ্যতামূলকের চিন্তা

মামলা দ্রুত সুরাহায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা দ্রুত সুরাহায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এজন্য আইন কমিশনের কাছে সুপারিশ চাওয়া হয়েছে। বর্তমানে দেশের আদালতগুলোতে বছরের পর বছর ধরে বিপুলসংখ্যক মামলা অমীমাংসিত পড়ে রয়েছে। পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, "আইন কমিশনের সুপারিশ পাওয়ার পর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বিধানটি বাধ্যতামূলকভাবে প্রয়োগ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" দেওয়ানী কার্যবিধির ধারা ৮৯ ক, অর্থঋণ আদালত আইনের ধারা ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ এবং পারিবারিক আদালত অধ্যাদেশের ধারা ১০ ও ১৩-এ প্রয়োজনীয় সংশোধনী এনে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিধান করা হয়েছে। তবে বিধানটি বর্তমানে বাধ্যতামূলক নয়। এছাড়া দেশের সব আদালতকে ডিজিটালাইজড করা হবে বলে সংসদকে জানান শফিক আহমেদ। বরিশাল-৬ আসনের সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জনগণ যাতে অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায় বিচার লাভ করতে পারে সেজন্য আদালতকে ডিজিটালাইজড করা এবং বিচারকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি জানান, ইতিমধ্যে ২০৯ জন সহকারি জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে যারা ১৭ জানুয়ারি কর্মস্থলে যোগ দিয়েছেন। এছাড়া আরো ১০০ জন সহকারি জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান শফিক। এদিকে, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য পুরনো হাইকোর্ট ভনের সংস্কার কাজ ফেব্র"য়ারির মধ্যে শেষ করা হবে বলে জানান মন্ত্রী। গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ এর কিছু বিধান সংশোধন করা হয়েছে। বিধান অনুসারে ট্রাইব্যুনালে যুদ্ধপারাধীদের বিচার হবে। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে ইনভেস্টিগেশন এজেন্সি প্রতিষ্ঠা, চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউটর নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২০০৪ঘ.