২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা পার্ক: রিটের শুনানি বৃহস্পতিবার

যমুনা ফিউচার পার্কের অনুমোদনবিহীন অংশ ভেঙ্গে ফেলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)'র দেওয়া নির্দেশের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 06:28 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ফিউচার পার্কের অনুমোদনবিহীন অংশ ভেঙ্গে ফেলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)'র দেওয়া নির্দেশের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি হবে বৃহস্পতিবার। শুনানি না হওয়া পর্যন্ত ভবনটির অবৈধভাবে নির্মিত অংশ না ভাঙ্গার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুনানির দিন ধার্য করে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও মো. বোরহানউদ্দিনের বেঞ্চ এ নির্দেশ দেয়। রাজধানীর কুড়িলে নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলতে রোববার নির্দেশ দেয় রাজউক। যমুনা ফিউচার পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে রিট আবেদন করেন। রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা ফিউচার পার্ক রাজউক থেকে মাত্র ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। কিন্তু তারা ভবনটি আরো উঁচু করেছে। ১৩ জানুয়ারি প্রথম একটি চিঠিতে ওই স্থাপনার বিষয়ে আপত্তি জানায় রাজউক। ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১২১৫ ঘ.