ঢাকা, জানুয়ারি ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুন হওয়া শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের ধর্মীয় পরিচয় নিয়ে আগামী ২৪ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত।
সোমবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেইন শুনানি শেষে এ দিন ধার্য করেন।
পরিচয় নিয়ে পরস্পরবিরোধী দাবির কারণে প্রায় এক মাস ধরে মর্গে পড়ে আছে খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ চন্দনের মরদেহ।
শুনানিতে চন্দনের মুসলিম ধর্ম গ্রহণ সম্পর্কিত নোটারি পাবলিকের হলফনামা আদালতে দাখিল করা হয়। এছাড়া আদালত চন্দনের হিন্দু ও মুসলিম ধর্মের দুই স্ত্রীর বক্তব শোনেন।
গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকার রাস্তায় দুর্বৃত্তদের হাতে নিহত হন চন্দন। খবর পেয়ে পুলিশের কাছে তার দুই স্ত্রীই লাশ দাবি করেন। এদের একজন হিন্দু ধর্মমতে বিয়ে করা পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত তিথী চক্রবর্তী এবং অন্যজন মুসলিম ধর্মমতে বিয়ে করা আকলিমা আক্তার পলি।
পুলিশ এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে না পারায় বিষয়টি আদালতে গড়ায়। আদালত গত কয়েক দিনে এ বিষয়ে দুই স্ত্রী, চন্দন যার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার এবং নোটারি পাবলিকের বক্তব্য শোনেন।
চন্দনের প্রথম স্ত্রী তিথির দাবি ১৯৮৬ সালের ১২ জুলাই তাদের বিয়ে হয় এবং চন্দন আর কোনো বিয়ে করেননি।
অন্যদিকে, পলির দাবি ২০০৫ সালের ২৭ নভেম্বর চন্দন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে সাজ্জাদ হোসেন নাম নিয়ে তাকে বিয়ে করেন।
পলির আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইয়া বলেন, "আমরা চন্দনের ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কিত সব সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২২৩ঘ.
bdnews24