সাভার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বংশাই নদীর শাখা কর্ণপাড়া খালে সোমবার একটি মৃত শুশুক (ডলফিন) পাওয়া গেছে।
স্থানীয় কয়েকজন যুবক এটি তুলে আনার পর উপজেলা মৎস্য বিভাগ চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়।
স্থানীয়ভাবে শুশুক নামে পরিচিত স্বাদু পানির ডলফিনের এই প্রজাতির নাম গাঙ্গেয় ডলফিন। বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন নদীতে পাওয়া যায়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শেখ মেজবাহুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে খালে ভাসমান শুশুকটি তুলে আনে কয়েকজন যুবক।
সাড়ে ৯ ফুট লম্বা ও প্রায় ৬ মণ ওজনের শুশুকটি কর্ণপাড়া খালে কিভাবে এল তা তিনি বলতে পারেননি।
দুপুর ২টার দিকে এটি ঢাকা চিড়িয়াখানায় পাঠান বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24