ঝিনাইদহ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ-যশোর মহাসড়ক থেকে সার বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোবাবার রাতে সদর উপজেলায় খড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, ট্রাকচালক ও তার সহকারীকে সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।
ট্রাকচালক আবুল কালাম জানান, ১৮ টন সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ার ভেড়ামারা নিয়ে যাচ্ছিলেন তারা। যশোরের বারোবাজার থেকে অন্য একটি ট্রাক নিয়ে দুর্বৃত্তরা তাদের পিছু নেয়। খড়িখালী এলাকায় তাদের গতিরোধ করে দুর্বৃত্তরা।
তিনি জানান, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের চেতনানাশক দ্রব্য খেতে বাধ্য করে এবং অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24