২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদসহ ১২ শিবিরকর্মী গ্রেপ্তার

নগরীর আগ্রাবাদ মিস্ত্রীপাড়া এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 07:48 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ মিস্ত্রীপাড়া এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ছাত্রশিবির কর্মী বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- এমরামুল হক (১৯), মহিউদ্দিন (২১), মো. সৈয়দ আল আমিন (১৯), মিজানুর রহমান (১৯), আরিফ হোসেন (১৯), আমিনুল হক (২১), মোজাম্মেল হোসেন (২২), জহিরউদ্দিন (১৮), লুৎফর রহমান (২১), জাহেদ মুনতাসির (২৬), রকিবুল হোসেন (২৩) ও মঞ্জুর আলম (২৪)। রোববার রাত ১টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মিস্ত্রিপাড়ার হক ভিলায় ডবলমুরিং থানা পুলিশ তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্যরা হক ভিলার ৪র্থ তলায় বৈঠক করছে- এমন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় তিনটি এলজি, চারটি রিভলবার, বোমা তৈরির পাউডার আধা কেজি এবং ৩৭ রাউন্ড গুলিসহ এই ১২জনকে গ্রেপ্তার করা হয়।" তানভীর জানান, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা নগরীর বিভিন্ন কলেজের ছাত্র ও ছাত্র শিবিরের কর্মী। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/জিএনএ/১৩৩১ ঘ.