২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী মান্নানকে দুষলেন বাবুল

যমুনা ফিউচার পার্ক ভেঙে ফেলার সরকারি নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের 'হিংসাপ্রসূত' বলে অভিযোগ করেছেন বিশাল বাণিজ্যিক স্থাপনাটির মালিক নুরুল ইসলাম বাবুল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 06:34 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

লিটন হায়দার ও মহসীন উল করিম ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ফিউচার পার্ক ভেঙে ফেলার সরকারি নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের 'হিংসাপ্রসূত' বলে অভিযোগ করেছেন বিশাল বাণিজ্যিক স্থাপনাটির মালিক নুরুল ইসলাম বাবুল। তবে মন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাবুলের বক্তব্যের জবাব দেওয়ার 'রুচি তার নেই'। রোববার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা গ্র"পের নির্মাণাধীন প্রতিষ্ঠান যমুনা ফিউচার পার্কের 'অবৈধ' অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয়। রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা ফিউচার পার্ক রাজউক থেকে ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। কিন্তু তারা ভবনটি আরো উঁচু করেছে। তাদের ওই বর্ধিত ও অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। ১৩ জানুয়ারি প্রথম একটি চিঠিতে ওই স্থাপনার বিষয়ে আপত্তির কথা জানায় রাজউক। রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা এবং পরিচালক (উন্নয়ন) শেখ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজউক গত সপ্তাহে অনুমোদনবিহীন এবং অবৈধ ভবন ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নেয়। তারা জানান, এ অনুযায়ী রাজধানীতে অনুমোদনহীন এবং অবৈধভাবে নির্মিত ভবন এবং ভবনের বাড়তি অংশ ভেঙে ফেলার জন্য মালিক কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এ চিঠি দেওয়া শুরু হয়েছে। অনেক ভবন মালিককেই চিঠি দেওয়া হয়েছে। দেশের বৃহত্তম বহুমূখী বাণিজ্যিক স্থাপনা হিসেবে দাবি করা যমুনা ফিউচার পার্কের কর্ণধার ও বাংলা দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে কোনও অবৈধ অংশ নির্মাণ করা হয়নি। আমাদের সাততলা পর্যন্ত নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।" বাবুল দাবি করেন, অনুমোদনপত্রে বলা হয়েছে সাততলার ওপর কিছু নির্মাণ করা হলে রাজউক তা তত্ত্বাবধান করবে। রাজউকের তত্ত্বাবধানেই নির্মাণ কাজ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কিছুদিন আগে দুর্নীতির সংবাদ প্রকাশ করার কারণে 'ব্যক্তিগত হিংসাপ্রসূতভাবে' সাততলার ওপরের অংশ ভেঙে ফেলতে বলে গত ১৩ জানুয়ারি একটি চিঠি দেওয়া হয়েছে। বাবুল বলেন, এ বিষয়ে তিনি উচ্চ আদালতে রিট করেছেন এবং আদালত মন্ত্রীসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনার দাবি এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম বিপনীবিতান। ২০০৮ সালে এ প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা বলেছিলেন, এতে ব্যয় হবে দুই হাজার কোটি টাকার বেশি। প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের কাছে বাবুলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজউক কর্তৃপক্ষের অবস্থানের 'যৌক্তিকতা' তুলে ধরেন। মন্ত্রী বলেন, যমুনা ফিউচার পার্ককে দেওয়া রাজউকের এ নোটিশের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। তিনি বলেন, সেখানে অবৈধ স্থাপনা না থাকলে ভাঙার কোনও প্রশ্নই উঠতো না। মন্ত্রী জোরের সঙ্গে বলেন, "যদি কোনও অবৈধ স্থাপনা থাকে তা তিনি যতো বীরই হোন না কেন তা ভাঙা কেউ ঠেকাতে পারবে না।" আব্দুল মান্নান খান বলেন, "বাবুল সম্পর্কে কোনও মন্তব্য করার ইচ্ছা বা রুচি আমার নেই। তার জন্ম ও বিকাশ সম্পর্কে দেশের প্রতিটি মানুষ জানে। ব্যবসায়ী মহলে তিনি কী হিসেবে পরিচিত তাও সবার জানা। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/জিএমএ/জিএনএ/এসকে/১৯৪৪ঘ.