ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলীয় নেত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেছেন, "জ্যোতি বসু সারাজীবন মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে নিরলস লড়াই করে গেছেন। একজন প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান, দক্ষ প্রশাসক, সর্বোপরি সৎ ও নির্লোভ রাজনীতিবিদ হিসাবে তিনি শুধু ভারত নয়, উপমহাদেশের সকল রাজনৈতিক কর্মীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।"
প্রধানমন্ত্রী গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরের সময় জ্যোতি বসুর ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান শোক বার্তায় বলেন," প্রগতিশীল রাজনীতির ধারক ও বাহক নিবেদিতপ্রাণ এই নেতার প্রাজ্ঞ নেতৃত্ব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে।"
জ্যোতি বসুর নির্মোহ আদর্শ রাজনীতিকদের অনুপ্রেরণা যোগাবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সংসদের স্পীকার আব্দুল হামিদ শোক বার্তায় কিংবদন্তীপ্রতিম এ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, জ্যোতি বসু ব্যক্তিগত লোভ-লালসাকে বর্জন করে নিজেকে বিলিয়ে দেয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সবার কাছে অনুসরণীয় হয়ে থাকবে।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতিই করেনি বরং যারা তার রাজনৈতিক জীবন দ্বারা অনুপ্রাণিত হয়েছে তাদের জন্যও অপূরণীয় ক্ষতি।
জ্যোতি বসু বাংলাদেশের বন্ধু ছিলেন উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন আরো বলেন, "তিনি বাংলাদেশের মানুষের সাথে দৃঢ় সম্পর্ক তৈরিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩৪৮ঘ.
bdnews24