নড়াইল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিল্পী এসএম সুলতান স্মরণে নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শনিবার শুরু হয়েছে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
আয়োজকরা জানান, এবার সুলতান পদকের জন্য মনোনীত করা হয়েছে শিল্পী সমরজিৎ রায় চৌধুরীকে।
মেলায় ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই, কবিগান, কাবাডি, লাঠিখেলা, কুস্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের হ্যান্ডবল ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকছে। প্রতিদিন বিকালে সুলতান মঞ্চে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পীর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ডিসেম্বরে এ মেলা হওয়ার কথা ছিল বলে আয়োজকরা জানান।
নড়াইল সরকরি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে সুলতান মঞ্চ চত্বরে শনিবার বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি।
সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব মুন্সী হাফিজুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা বিএনপির আহবায়ক ইকবাল হোসেন সিকদার প্রমুখ।
বক্তারা সুলতান মেলাকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফরমিং আর্ট বিভাগের বর্তমান ডিন সমরজিৎ রায় চৌধুরীকে এ বছর সুলতান পদকের জন্য মনোনীত করা হয়েছে।
আগামী ২২ জানুয়ারি মেলার সমাপনী দিনে তার হাতে পদক তুলে দেওয়া হবে।
চিত্রশিল্পী শেখ মোহাম্মদ (এসএম) সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাসিমদিয়ায় জন্মগ্রহণ করেন। একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার বিজয়ী এ শিল্পী মারা যান ১৯৯৪ সালে নড়াইলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24