খুলনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলায় ক্ষতিগ্রস্ত খুলনা-সাতক্ষীরার আড়াই লাখ মানুষ এখনো কর্মহীন। এক লাখেরও বেশি মানুষ তীব্র শীতে খোলা আকাশের নিচে বাস করছে।
৭০ হাজার প্রান্তিক কৃষক ও বর্গাচাষী আমন ও বোরো মৌসুমে কোনো ফসল ফলাতে পারেনি।
আইলা দুর্গত সংহতি মঞ্চ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য উপস্থপন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ।
২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। এতে দেড় শ'রও বেশি মানুষ মারা যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আইলার কারণে বাড়ি-ঘর হারিয়ে বিভিন্ন স্থানে চলে গেছে অন্তত এক লাখ মানুষ। এর মধ্যে ১৫ হাজারের মতো বাস করছে খুলনা মহানগরীরর বিভিন্ন বস্তিতে।
আইলায় খুলনা ও সাতক্ষীরা জেলার ৫৩৪ কিলোমিটার বাঁধ বিধস্ত হয়ে খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৩টি ইউনিয়ন নোনা পানিতে প্লাবিত হয়।
ষাটের দশকে নির্মিত বেড়িবাঁধগুলো রক্ষণাবেক্ষণের অভাব ও চরম অব্যবস্থাপনার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ। এ চার উপজেলায় প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা নোনা পানিতে তলিয়ে যায়। এখানে তিন লাখেরও বেশি মানুষ বসতভিটা হারায়।
বর্ষা মৌসুম শেষ হয়ে যাওয়ায় ইতোমধ্যে লবণাক্ততা বেড়ে গেছে।
ফলে মিঠা পানির সামান্যতম উৎসগুলোও লবণাক্ত হয়ে উঠেছে। মিটা পানির মাছ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। গরু ছাগল নেই বললেই চলে। গাছপালা মরে এলাকাগুলো যেন বিরানভূমিতে পরিণত হয়েছে।
আইলার পর সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব বেড়িবাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়। ২০০৯ সালে জুলাই মাসে রিং বেড়িবাঁধ দেওয়ার একটা পরিকল্পনাও করা হয়। কিন্তু কোনোটাই কার্যকর হয়নি।
গত বছরের নভেম্বর ডিসেম্বরে বাঁধ পুনর্নির্মাণ করার কথা বলা হয়েছিল। পরবর্তীতে এক মাস পিছিয়ে তা করা হয় জানুয়ারি। এখন শোনা যাচ্ছে আগামী মার্চ মাসের আগে এই পুনর্নির্মাণের কাজ করা সম্ভব নয়।
লাখ লাখ মানুষকে প্রচণ্ড শীত ও নোনাপানিতে নিমজ্জিত রেখে এ ধরনের সিদ্ধান্তহীনতার প্রতিবাদ জানিয়েছে আইলা দুর্গত সংহতি মঞ্চ।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২৩ জানুযারি শহীদ হাদিস পার্কে আইলা দুর্গত মঞ্চ তৈরি করা হবে।
ওই মঞ্চ থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচির মধ্যে থাকবে সমাবেশ, বিক্ষোভ মিছিল, অনশন, স্মারকলিপি, ভিডিও প্রদর্শনী ও খুলনার ফটো সাংবাদিকদের তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি'র কর্মসূচি
এদিকে আইলা দুর্গত এলাকার মানুষদের বাঁচাতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) শুক্রবার ১০ দফা দাবি আদায়ের জন্য চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
তাদের ১০ দফা দাবিসমূহ হল- জরুরি ভিত্তিতে ২০১০ সালের মধ্যে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ, জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিতকরণ, উদ্বাস্তু হিসেবে নয় এলাকার জনগণ হিসেবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা, জরুরিভাবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, জলবায়ু উদ্বাস্তু হিসেবে আখ্যায়িত না করে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ, সরকারি ও বেসরকারিভাবে পরিচালিত ত্রাণ কার্যক্রমের অনিয়ম বন্ধ, বাঁধ কেটে বা বাঁধে পাইপ লাইন দিয়ে লবণ পানি চুকিয়ে চিংড়ি চাষ বন্ধ, উপকূলীয় অঞ্চল ও সুন্দবন সুরক্ষায় সম্মিলিত ইতিবাচক ভূমিকা গ্রহণ, ক্ষতিগ্রস্ত অঞ্চলের বিপন্ন গবাদি পশু জরুরিভিত্তিতে সংরক্ষণ এবং আইলা ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যহানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
এসব দাবি আদায়ে ঘোষিত চারদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জানুয়ারি নগরীর শহীদ হাদিস পার্কে সমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, ২৩ জানুয়ারি খুলনার দাকোপ উপজেলায় মানববন্ধন, ২৭ জানুয়ারি নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন এবং ৩০ জানুয়ারি কয়রা উপজেলা চত্বরে মানববন্ধন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24