বাগেরহাট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের সুপেয় পানির পুকুর লবণাক্ততামুক্ত করার জন্য ১৬টি স্টেশনে যন্ত্র স্থাপনের আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে সুন্দরবন পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, ঘূর্ণিঝড় আইলা'র পর সুন্দরবনের ভেতরের কমপক্ষে ৭৫টি সুপেয় পানির পুকুর লবণ পানিতে নিমজ্জিত হয়। এতে সুপেয় পানির সংকট দেখা দেয়।
ভবিষ্যতেও এ ধরণের দুর্যোগ সৃষ্টি হতে পারে বলে প্রতিমন্ত্রীকে জানানো হলে লবণাক্ততা দূর করার জন্য এসব যন্ত্র দেওয়ার আশ্বাস দেন তিনি।
জাপান সরকারের কাছ থেকে বিনামূল্যের এ সব যন্ত্র পাওয়ার কথা রয়েছে বলে বন কর্মকর্তা মিহির কুমার জানান।
তিনি জানান, সুন্দরবন পরিদর্শনকালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপরূপ চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আব্দুল মোতালেব, সুন্দরবন সার্কেলের বন সংরক্ষক মো. আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে মংলা থেকে স্পিডবোটে করে প্রতিমন্ত্রী সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রথমে তিনি সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে যান। পরে সুন্দরবনের হারবারিয়া পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে নিয়ে যাওয়া এক জোড়া লবণ পানির কুমির হারবারিয়া খালে অবমুক্ত করেন তিনি।
মিহির কুমার জানান, বনকর্মীদের ঝুঁকিভাতা ও সুন্দরবনের অবকাঠামো উন্নয়নের জন্য প্রতিমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়গুলো বিবেচনারও আশ্বাস দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৭০২ ঘ.
bdnews24