২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পৌষ মেলায় মাছের পসরা

হবিগঞ্জের পৈল গ্রামে পৌষ সংক্রান্তির মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। সদর উপজেলার পৈল বাজার প্রাঙ্গণে প্রায় দু'শ বছরের পুরোনো এ মেলার বিশেষত্ব স্বাদু পানির বড় মাছের পসরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 04:31 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

হবিগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের পৈল গ্রামে পৌষ সংক্রান্তির মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। সদর উপজেলার পৈল বাজার প্রাঙ্গণে প্রায় দু'শ বছরের পুরোনো এ মেলার বিশেষত্ব স্বাদু পানির বড় মাছের পসরা। এবার এ পর্যন্ত সবচেয়ে বড় বাগাইড় মাছটির দাম হাঁকা হয়েছে ৫০ হাজার টাকা। রাত ৯টা পর্যন্ত মাছটির দাম ওঠে ৩৫ হাজার টাকা। প্রায় সহস্রাধিক স্টল নিয়ে জমে ওঠা পৌষ মেলায় ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট ও কিশোরগঞ্জসহ আশপাশের জেলা থেকে জেলেরা বড় বড় মাছ বিক্রি করতে এসেছেন। মেলায় বাগাইড়, রুই, কাতলা, বোয়াল, চিতল, কার্প, কালবাউস, গ্রাসকার্পসহ নানা জাতের মাছ উঠেছে প্রচুর। এছাড়াও চিংড়ি, পুঁটি, কই, চাপিলাসহ ইত্যাদি মাছেরও পসরা বসেছে। হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নুরাজ মিয়া সিলেটের কুশিয়ারা নদী থেকে বড় বাগাইড় মাছটি ধরেন। মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। পৈল গ্রামের আব্দুন নুর ২৫ হাজার টাকায় একটি বোয়াল মাছ বিক্রি করেন। বিক্রেতারা জানিয়েছেন, পাঁচ থেকে ২০ হাজার টাকা দামের মাছের বিক্রি ভালো। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান ডা. রমিজ আলী ১০ হাজার টাকা দিয়ে কিনেছেন দুটি চিতল মাছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মেলায় এসেছেন বড় মাছ কিনতে। বহু বছর ধরে তিনি এই মেলায় আসেন। পৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী বলেন, উপ-মহাদেশের প্রখ্যাত নেতা বিপীন পালের জন্মস্থান এই গ্রামে মাছের এই মেলা দুশ' বছরের পুরনো। ঐতিহ্যবাহী এ মেলায় আসার সুবিধার্থে রাস্তা প্রশস্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। শুক্রবার শেষ হচ্ছে তিন দিনব্যাপী এ মেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২২১৪ ঘ.