২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল

পদোন্নতি স্থগিতে আদালতের নির্দেশ অমান্য করায় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 08:02 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি স্থগিতে আদালতের নির্দেশ অমান্য করায় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করে সচিবকে চার সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলেছে। সচিব শরফুল আলমসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগটি গত ১০ জানুয়ারি দায়ের করা হয়। অন্য বিবাদিরা হলেন- মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামচুল কিবরিয়া, অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল খালেক, প্রাক্তন সহকারী পরিচালক রফিকুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব সাব্বির হোসাইন। আদালত অবমাননার জন্য তাদের বিরুদ্ধেও কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, হাইকোর্ট কারণ জানাতে তাদেরও চার সপ্তাহ সময় দিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা পদে পদোন্নতি চ্যালেঞ্জ করে ৯ জন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার একটি রিট আবেদনে হাইকোর্ট ইতিপূর্বে ডিএজির মাধ্যমে পদোন্নতির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। এরপরও পদোন্নতির কার্যক্রম চলছে অভিযোগ করে আব্দুস সাত্তার নামে এক কর্মকর্তা হাইকোর্টে আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৩৫৫ ঘ.