লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা রক্ষায় নদীর তলদেশ থেকে বর্জ্য তোলা হলেও তা কোথায় ফেলা হবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
সমস্যার কথা স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিওটিএ) চেয়ারম্যান মো. আব্দুল মালেক বলেছেন, বর্জ্য তোলার কাজটি শুরু করার আগে তা কোথায় ফেলা হবে তা নিয়ে গভীরভাবে চিন্তা করা হয়নি।
"তবে কাজটি শুরু করা গেছে এটাই বড় কথা। পরিবেশ রক্ষার জন্য এটি জরুরি ছিলো। বর্জ্য ফেলার বিষয়টিও আশা করছি সমাধান হয়ে যাবে", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন তিনি।
গত ৬ জানুয়ারি বুড়িগঙ্গা থেকে বর্জ্য তোলার কাজ শুরু হয়। প্রতিদিন গড়ে উঠানো হচ্ছে ৭৪ ঘনমিটার বর্জ্য।
উঠানোর পর এ সব বর্জ্য রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে ফেলার কথা থাকলেও বন্যাপ্রবণ ওই এলাকায় বর্জ্য ফেললে পরিবেশ দূষণ মারাত্মক হবে আশঙ্কা করে একটি রিট আবেদন করেছে বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা। হাইকোর্টে ওই আবেদনটি শুনানির অপেক্ষায় আছে।
বেলার আশঙ্কাকে সঠিক মনে করেন আব্দুল মালেক।
তিনি বলেন, "আমিনবাজারের জায়গার বর্জ্য ফেলার বিষয়ে রিটের রায় না হলেও আমরা পরিস্থিতি বুঝে সেখানে বর্জ্য না ফেলার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে খুঁজে বের করা হয়েছে সাভারের ঝাউচর এবং কেরানীগঞ্জের ষোলমাছি এলাকা।"
ব্যক্তি মালিকানার ওই স্থান দুটির পাশাপাশি সিটি কর্পোরেশন মাতুয়াইলে একটি স্থানে বর্জ্য ফেলার পরামর্শ দিয়েছে। যা নিয়ে বেলাও কোনো আপত্তি জানায়নি বলে জানান বিআইডাব্লিওটিএ চেয়ারম্যান। তবে সেখানে বর্জ্য ফেলা শুরু হয়নি।
ঝাউচর বুড়িগঙ্গা নদীর ধারে বাঁধের ওপারে প্রায় ২০ ফুট নিচু এলাকা। কেরানীগঞ্জের ষোলমাছি এলাকায়ও প্রায় ৭০ একর নিচু জায়গা রয়েছে।
এ দুই স্থানে বর্জ্য ফেললে পরিবেশ দূষণ ঘটবে কি না- জানতে চাওয়া হলে আব্দুল মালেক বলেন, জমির মালিক বলেছেন তারা এ র্র্বজ্যরে ওপরে বালি ফেলবেন।
বর্জ্য ফেলার জন্য আরো স্থান খোঁজা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া জায়গা ভরাট করতে কেউ বর্জ্য নিতে আগ্রহী হলেও তাও দেওয়া হবে।
এদিকে নদী থেকে প্রতিদিন বর্জ্য তোলা হলেও বর্জ্য পড়া বন্ধ হয়নি।
বিআইডাব্লিওটিএ চেয়ারম্যান বলেন, "নদীতে বর্জ্য ফেলা বন্ধের ব্যাপারে কী করা যায়, তাও আগে থেকে ভেবে রাখা প্রয়োজন ছিলো। এখনো নদীর ওপারে কেরানীগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের এবং এপারের সোয়ারীঘাট, শ্যামবাজার এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা অব্যাহত আছে।"
তবে এ সমস্যার সমাধানে এলাকার শিল্প মালিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে নদীর তীরে রাখা বর্জ্যরে স্তূপ নিয়েও ভাবনায় রয়েছে বিআইডাব্লিওটিএ।
মালেক বলেন, এখন বৃষ্টি হলে বর্জ্যগুলো তা আবার নদীতে গিয়ে পড়বে। তাই যত দ্রুত সম্ভব তা সরানোর পরিকল্পনা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১১১ ঘ.
bdnews24