ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়া-আগরতলা সড়কে বুধবার ভোরে ট্রেন-ট্রাক সংঘর্ষের পর ১১ ঘণ্টারও বেশি সময় ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল।
তবে এ সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকে বলে রেল কর্মকর্তারা জানান।
সিলেট থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়ার মোগড়া এলাকায় লেভেল ক্রসিংয়ে বিকল হয়।
এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে পড়ে থাকায় রাস্তার একাংশ বন্ধ হয়ে যায়। এতে বড় যানবাহন চলাচল করতে না পারলেও রিকশাসহ ছোটখাট যানবাহগুলো চলছিল।
বিকাল ৫টার দিকে ট্রাকটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয় বলে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি সড়কের একাংশ জুড়ে পড়ে থাকায় ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে রপ্তানি পণ্যবোঝাই কয়ে শ' ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে থাকে।
আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টি এ চৌধুরী বলেন, এ ঘটনায় উদয়ন ট্রেনের ইঞ্জিনের ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24