ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহজ শর্তে দেশের কৃষকদের ঋণ দেবে সরকার। এজন্য পাঁচটি পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।
এসব পরিকল্পনার আওতায় ভূমিহীন ও বর্গাচাষীরা জমির মালিক না হয়েও শুধু মালিকের প্রত্যয়নপত্র ব্যাংকে জমা দিয়েই ঋণ নিতে পারবেন।
মৌলভীবাজার-৩ এর সাংসদ সৈয়দ মহসীন আলীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পরিকল্পনার মধ্যে আরো রয়েছে- তিন বছর আবর্তনশীল শস্য ঋণ কর্মসূচির আওতায় কৃষকরা প্রথমবার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পরবর্তী ২ বছর কোনো কাগজপত্র না দিয়েই ঋণ নিতে পারবেন।
এছাড়া কৃষি খাতের উৎপাদন খরচের সঙ্গে সংগতি রেখে নির্ধারিত সীমার অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ঋণের সুযোগ পাবেন কৃষকরা।
বাংলাদেশের তফশিলী সব ব্যাংককে কৃষি ঋণ দেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি বিভিন্ন ফসল চাষের জন্য দুই শতাংশ সুদে ঋণ বিতরণ কর্মসূচি পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
এক সম্পূরক প্রশ্নের জবাবে আবুল মুহিত জানান, দেশের নিবন্ধিত এক কোটি ৮০ লাখ কৃষক কৃষি ঋণ, সার, বিদ্যুৎ ও ডিজেল পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
তিনি জানান, গত অর্থ বছরে এই সময়ে কৃষি ঋণ পরিশোধের পরিমাণ ছিলো এক হাজার কোটি টাকার কম। কিন্তু চলতি অর্থ বছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ চার হাজার ৪৯ কোটি টাকা।
সেনা সমর্থিত ফখরুদ্দীন সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল করার সুযোগ দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
এদিকে, সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের সার্বিক উন্নয়নে ৯টি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২০৪ঘ.
bdnews24