নয়া দিল্লি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে রেল প্রকল্পের জন্য ঢাকা ও নয়া দিল্লির মধ্যকার সহযোগিতার বিশদ নিয়ে মঙ্গলবার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জীর আলোচনা হয়েছে।
নয়া দিল্লির হোটেল আইটিসি মৌর্যে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকের পর মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, "আমরা রেল খাতসহ সব খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুদেশের মন্ত্রী ও কর্মকর্তা পর্যায়ে আরো আলোচনা হবে।"
সোমবার শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশকে একশ' কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ওই অর্থ বাংলাদেশ রেল লোকোমেটিভ ও বগিসহ রেলওয়ে প্রকল্প, বাস পরিবহন এবং অবকাঠামো প্রকল্পে ব্যয় করবে।
ভারতের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পগুলোর মধ্যে থাকতে পারে আখাউড়া ও লাকসামের মধ্যে দুটি করে রেললাইন স্থাপন, খুলনা ও মংলার মধ্যে রেল যোগাযোগ উন্নয়নের জরিপ এবং রাজশাহী-পার্বতীপুর সেকশনে সিগন্যাল সিস্টেম উন্নয়ন সংক্রান্ত প্রকল্প।
মনমোহন হাসিনাকে আরো বলেছেন, বাংলাদেশের আখাউড়া ও উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার মধ্যে রেললাইন স্থাপন করবে ভারত।
ভারতের রেলওয়ে গত বছর আগরতলা পর্যন্ত রেললাইন টেনেছে।
কর্মকর্তারা আরো জানান, হাসিনা-মমতার বৈঠকে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের কাস্টম্স ক্লিয়ারেন্সে বিলম্ব হওয়ার প্রসঙ্গও উঠে আসে।
শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে আধ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন মমতা।
নেপালের সঙ্গে রেল যোগাযোগ:
বৈঠকের পর মমতা সাংবাদিকদের আরো জানান, বাংলাদেশ ও নেপালের মধ্যে রেল যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছে ভারত।
বাংলাদেশ ও নেপালের মধ্যে যোগাযোগের জন্য রোহনপুর ও সিনহাবাগের মধ্যে রেল যোগাযোগ কবে থেকে শুরু হবে
bdnews24