গাজীপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাকের উৎপাদন মজুরি কমিয়ে দেওয়ার প্রতিবাদে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
তারা কর্মবিরতি পালন এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পরে কর্তৃপক্ষ মঙ্গলবার কারখানা ছুটি ঘোষণা করে বলে পুলিশ জানিয়েছে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জাহিন টেক্স নামের পোশাক কারখানাটিতে উৎপাদন মজুরি ৩২ টাকা থেকে কমিয়ে ২৬ টাকা করা হয়।
এ নিয়ে সোমবার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কর্তৃপক্ষ পরে সমন্বয় করে দেওয়ার আশ্বাস দেয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে খাবারের বিরতির পর শ্রমিকরা তাদের দাবি নিয়ে কারখানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে যান। কর্মকর্তারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে আবার অসন্তোষ দেখা দেয়। তারা কর্মবিরতি শুরু করেন।
এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ব্যবস্থাপক মো. মামুন হালিম, উৎপাদন ব্যবস্থাপক শেখর রঞ্জন সাহা, সুমন আহমেদ, সহকারী উৎপাদন ব্যবস্থাপক মামুন আহমেদ ও মো. শওকত আলীকে লাঞ্ছিত করেন।
শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এসআই রফিক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের সহায়তায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠক করে। কর্তৃপক্ষ দুর্ব্যবহারকরী কর্মকর্তাদের বিচার ও পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হোসেন, জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24