২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ গ্রামীণ জনপদ সৃষ্টি করতে চান মুহিত

শহরের ওপর জনসংখ্যার চাপ কমানো এবং গ্রাম উন্নয়নের জন্য গুচ্ছ গ্রামীণ জনপদ সৃষ্টির ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 10:52 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের ওপর জনসংখ্যার চাপ কমানো এবং গ্রাম উন্নয়নের জন্য গুচ্ছ গ্রামীণ জনপদ সৃষ্টির ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গ্রামীণ জনপদ শক্তিশালী করতে পারলে চার-পাঁচ বছরের মধ্যে ভিক্ষাবৃত্তি নিমূর্লও সম্ভব বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে 'আরবান পোভার্টি: ডাইমেনশনস অ্যান্ড সলিউশন' বিষয়ক এক সেমিনারে বলেন, "আমাদের গুচ্ছ গ্রামীণ জনপদ সৃষ্টি করতেই হবে। কারণ শুধু জমি থেকে খাওয়া চলবে না। "গ্রামীণ জনপদকে শক্তিশালী করতে পারলে সেখানে বিভিন্ন ধরনের সেবা পৌঁছবে, সাব-কন্ট্রাকটিংয়ের কাজ হবে। গুচ্ছ গ্রামীণ জনপদ সৃষ্টি করতে পারলে শিল্পেও জোর আসবে।" অর্থমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও বস্তিতে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও কথা বলেন। তিনি বলেন, "এক সময় স্থানীয় সরকারের জন্য বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হতো। এখন ২ শতাংশ রাখা হয়। গ্রাম উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।" শহুরে দারিদ্র্য কমানোর জন্য প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, "সরকারি প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণ করতে হবে। সবকিছু ঢাকায় না করে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে।" এছাড়া শহরে যেসব বস্তি রয়েছে সেখানে পয়োনিষ্কাশন, পানি, বিদ্যুৎ, রাস্তার মতো সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারটি আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬৪৫ ঘ.