চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ শ্রমিকরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত ডক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হলে বিকাল ৪ টা থেকে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়।
এর আগে ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালু, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, স্টিভিডোরিং স্টাফদের বুকিং সেন্টারের মাধ্যমে বুকিং দেওয়াসহ নয়দফা দাবিতে ডক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বন্দরের কিছু শ্রমিক কাজ বন্ধ করে দেয়। তারা বন্দর ভবনের সামনে কাফনের কাপড় পড়ে সমাবেশও করে।
এর পরিপ্রেক্ষিতে সকাল থেকে বন্দরের চারটি জেটিতে পণ্য ওঠানামার কাজ বন্ধ হয়ে যায়।
দুপুরে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমেদের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আট শ্রমিক নেতা বৈঠক করেন। বৈঠক শেষে শ্রমিক নেতৃবৃন্দ বন্দর ভবনের বাইরের গেটে অবস্থানরত বিক্ষুব্ধ শ্রমিকদের আশ্বাস দিলে তারা চলে গিয়ে কাজে যোগ দেয়।
বৈঠকে বন্দর সদস্য (ক্যাপ্টেন) জোবায়ের আহমেদ শ্রমিক নেতৃবৃন্দকে বলেন, কোনো অবস্থাতেই বন্দর অচল রাখা যাবে না। শ্রমিকদের সম্পদ শ্রমিকদের রক্ষা করতে হবে। তিনি বৈঠকে শ্রমিকদের দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।
ডক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য সংগঠনগুলো শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে এখন মাথা ঘামাচ্ছে না। তাই ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালুর দাবিতে আমরা আন্দোলন করছি। দুপুরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ২৫ জানুয়ারি পর্যন্তআন্দোলন ও কর্মসূচি স্থগিত করেছি।
ওই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আবার আন্দোলনে যাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কিছু শ্রমিক কাজ বন্ধ করে দিলে চারটি জেটিতে পণ্য ওঠানামা বন্ধ ছিল। তবে কন্টেইনারবাহী জাহাজে কার্যক্রম স্বাভাবিক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০২৫ঘ.
bdnews24