নয়া দিল্লি থেকে সুমন মাহবুব
নয়া দিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার শীর্ষ বৈঠকে সেদেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলেছেন, সন্ত্রাস দমনে দুই দেশ একযোগে কাজ করবে। (আরো তথ্যসহ)
হাসিনা আরো বলেন, "দুদেশের জনগণের জন্য যা ভালো তাই করা হবে।"
অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং আবারো আশ্বাস দিয়ে বলেছেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়।
সোমবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
স্থানীয় সময় রাত ১০ টায় প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। মঙ্গলবার একটি যৌথ ইশতেহার আসতে পারে।
দুই নেতার মধ্যে বৈঠক দেড় ঘন্টা স্থায়ী হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/এসকে/২২৫০ ঘ.
bdnews24