চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে সোমবার বিকালে একটি কেমিক্যাল কোম্পানির কারখানা আগুন লেগে পুড়ে গেছে।
এতে কারখানাটির চার শ্রমিক সামান্য আহত হয় এবং প্রায় ২০ লাখ টাকার কাঁচামাল পুড়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আগ্রাবাদ দমকল বাহিনীর কর্মকর্তা আনোয়ার হোসেন।
তিনি বলেন, "বিকাল ৩টার দিকে বহদ্দারহাটে তারা কেমিক্যালস নামের একটি গাম সলিউশন তৈরির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
আনোয়ার হোসেন জানান, আগুনে কারখানায় থাকা সলিউশন তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে যায় যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২১৫৮ঘ.
bdnews24