২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহায়তার আহ্বান হাসিনার

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি এবং সন্ত্রাসবাদ মোকাবেলা ও বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 03:09 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

নয়া দিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি এবং সন্ত্রাসবাদ মোকাবেলা ও বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারে সহায়তা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফররত শেখ হাসিনা সোমবার সেদেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমন্ত্রণে হায়দরাবাদ হাউসে নৈশভোজের ভাষণে এ আহ্বান জানান। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশের জন্য এ ধরনের নিশ্চয়তা জরুরি। এজন্যই ১৯৯৬ সালে ৩০ বছর গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর হয়েছিল। গঙ্গা চুক্তির প্রেরণা থেকে অভিন্ন বিভিন্ন নদীসহ তিস্তার ব্যাপারেও আমাদের সমঝোতায় পৌঁছতে হবে।" ভারত থেকে ৫৪ টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এই ৫৪ টি অভিন্ন নদীর মধ্যে শুধু গঙ্গার পানি বণ্টনে দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব অভিমত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিতে নবযুগের সূচনা সম্ভব। এর সুফল ভোগ করবে দক্ষিণ এশিয়ার সব দেশই।" এগুলোসহ বিদ্যুৎ, পর্যটন, সংস্কৃতির মতো বিষয়গুলোতেও ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী ভাষণে ভারতে বাংলাদেশী বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, অশুল্ক বাধা দূর, বাণিজ্য বৃদ্ধিতে সেদেশে অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মনমোহন সিংয়ের আশ্বাসের কথা তুলে ধরেন। উভয়মুখী বাণিজ্য বৃদ্ধিতে এগুলোর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এখন জরুরি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এছাড়া অমীমাংসিত বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলা, ব্যবসায়ীদের যোগাযোগ সহজীকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে না দেওয়ার ব্যাপারে দ্ব্যর্থহীন ভাষায় প্রধানমন্ত্রী বলেন, "আমি এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি আমার দেশের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসের স্থান নেই। কোনো অবস্থাতেই বাংলাদেশের ভূখণ্ড প্রতিবেশী অথবা অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেওয়া হবে না।" দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভুক্ত দেশগুলোর সফলতার ওপর এ অঞ্চলের উন্নতি নির্ভর করছে বলেও অভিমত জানান শেখ হাসিনা। তিনি বলেন, "দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সফলতা অর্জন সম্ভব।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পাবে এ আশা প্রকাশ করে বলেন, আশা করছি দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে। তিনি মনমোহন সিং- এর প্রতি বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুদ্ধে শহীদ কয়েক হাজার ভারতীয় সৈনিকের প্রতি শ্রদ্ধা জানান। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে সেসময় বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় তৎকালীন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২২১০ঘ.