২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের বিল উত্থাপিত

সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে 'সমন জারি' সংক্রান্ত একটি সংশোধিত বিল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে 'সমন জারি' সংক্রান্ত একটি সংশোধিত বিল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির সিডিউল-২ এর আওতায় মানহানিকর বক্তব্য প্রকাশের কারণে কোনো সংবাদপত্রের সম্পাদকসহ সাংবাদিকের বিরুদ্ধে সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সংশোধনী বিলে 'পরোয়ানা'র স্থলে 'তলব' বসানো হয়েছে। এর ফলে সরকার বা প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সাংবাদিক হয়রানি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। আইনমন্ত্রী শফিক ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করে বলেন, "ফৌজদারি কার্যবিধির বর্তমান ধারায় যে কোনো সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশক হয়রানির শিকার হতে পারে। এই বিল সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করবে।" বিলটি উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। মন্ত্রিসভা গত মাসে এ সংশোধনী প্রস্তাব অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/১৯৫৪ঘ.