২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভূমিতে সন্ত্রাসী কর্মকাণ্ড নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে না দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লি থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 12:43 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

নয়া দিল্লি থেকে সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক নয়া দিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে না দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের দ্বিতীয় দিন সেদেশের পররাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেওয়া হবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তার সরকার এমন কিছু করবে না যা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী হয়।" রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা হোটেলে ফিরে আসেন। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা তার সঙ্গে দেখা করেন। এরপর তিনি রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে যান। দুপুরে শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে পরপর দেখা করেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী এবং বিরোধীদলীয় নেত্রী সুষমা স্বরাজ। আবুল কালাম আজাদ জানান, প্রণব মুখার্জী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, গণতান্ত্রিক সরকারের সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। এ সময় প্রধানমন্ত্রী '৭১ এ ভারতের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি '৭২ এর ১০ জানুয়ারি দেশে ফেরার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারতে যাত্রাবিরতির কথাও স্মরণ করেন। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড.মশিউর রহমান, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এ করিম, হাই কমিশনার অ্যাট লার্জ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান এবং আবুল কালাম আজাদ। এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/১৮৩৭ঘ.