ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর পর রোববার দুপুরে তিন ঘণ্টা সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী।
তারা সাভার থেকে এক কিলোমিটার দূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় অবস্থান নিয়ে গাড়ি ভাংচুর এবং টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশ কর্মকর্তা ও ধামরাই কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের শান্ত করে রাস্তা থেকে সরিয়ে নেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর বেলা ৩টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক।
সকাল ১১টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাঁড়ানো যাত্রীদের চাপা দিলে ধামরাই সরকারি কলেজের ছাত্র এইচএইচসি পরীক্ষার্থী মুরাদ হোসেন জমাদ্দার (২৫) নিহত হন। আহত হন শিশুসহ আরো দুই পথচারী।
মুরাদ সাভারের কলমা এলাকার মোহাম্মদ আলী জমাদ্দারের ছেলে।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে যাওয়ার জন্য বাস ধরতে মুরাদ সিএন্ডবি বাসস্ট্যান্ডে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
উপস্থিত জনতা বাসের নীচ থেকে মুরাদের মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়।
মুরাদের মৃত্যুর খবর কলেজে পৌঁছালে দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা মহাসড়কে সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে।
পুলিশ কর্মকর্তা মনোয়ার বলেন, তারা ১৫/২০টি যানবাহন ভাংচুর করে। রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে। মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে কয়েক শ' যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা।
খবর পেয়ে সাভার ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা পুলিশের কাছে সিএন্ডবি বাসস্ট্যান্ডে একটি ফুট ওভারব্রিজ স্থাপন, বাসের চালককে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।
তিনি বলেন, বিকাল ৩টার দিকে সাভার সার্কেল এএসপি মনোয়ার হোসেন, সাভার থানার ওসি নাসির উল্যাহ ও কলেজের অধ্যক্ষ এখলাছ খান ছাত্র-ছাত্রীদের দাবি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
মুরাদের মৃতদেহ পুলিশ প্রহরায় তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সাভার থানার ওসি নাসির উল্যাহ বলেন, এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ধামরাই সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছ খান বলেন, "বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই মুরাদের মর্মান্তিক মৃত্যু হল। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24