২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলসীমা নির্ধারণের পদ্ধতি নিয়ে ঢাকা-ইয়াঙ্গুন আলোচনা

সমুদ্র সীমা নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ-মিয়ানমারের প্রথম দিনের আলোচনা শুক্রবার শেষ হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 05:53 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র সীমা নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ-মিয়ানমারের প্রথম দিনের আলোচনা শুক্রবার শেষ হয়েছে। সমুদ্রসীমা নির্ধারণের পদ্ধতি নিয়ে উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনা করছেন। শনিবার আবারও বসবেন তারা। হোটেল আগ্রাবাদে সকাল সাড়ে ৯টায় দুই দিনের এ বৈঠক শুরু হয়। দুপুর ২টায় প্রথম দিনের বৈঠক শেষ হওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, "সমুদ্র সীমা নির্ধারণের পদ্ধতি নিয়ে আমরা অলোচনা করছি।" সীমা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতাভিত্তিক (প্রিন্সিপাল অফ ইকুয়িটি) পদ্ধতি অনুসরণ করতে চাইলেও মিয়ানমার সমদূরত্ব রেখাভিত্তিক (প্রিন্সিপাল অফ ইকুয়াল ডিসটেন্স) পদ্ধতির পক্ষপাতি। আলোচনায় একটি ফলপ্রসূ হবে বলে উভয় পক্ষের আলোচকরাই আশা প্রকাশ করেন। বৈঠকে ১৩ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী মং মিন্ত। ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা এবং ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ সে থান উ বৈঠকে অংশ নিচ্ছেন। সাগরসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ দেখা দিলে গত অক্টোবরে তা নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতিসংঘ শালিস আদালতে যায়। তবে তখন ঢাকার পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘে গেলেও দ্বিপাক্ষিক আলোচনার পথও খোলা থাকবে। এরপর এটাই ঢাকা-ইয়াঙ্গুনের প্রথম বৈঠক। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গভীর সাগরে তেল ও গ্যাস ব্লক নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের পাল্টাপাল্টি দাবির কারণে কোনো দেশই খনিজ তুলতে পারছে না। বাংলাদেশের ২৮টি ব্লকের মধ্যে প্রতিবেশী দেশ দু'টি ১৮টি ব্লক নিজেদের বলে দাবি করছে। ২২ বছর পর ২০০৮ সালে সাগরে জলসীমা নির্ধারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৈঠক হয়। এরপর অন্তত তিন দফা এ বিষয়ে আলোচনা হলেও তেমন কোনো ফল আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৪১ ঘ.