ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর লালমাটিয়ায় বৃহস্পতিবার বিকালে জনসম্মুখে এক গৃহবধূর নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে রেবেকা বানু নামের ওই গৃহবধূ তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে লালমাটিয়ায় আড়ং এর পেছনের মাঠের পাশের রাস্তায় কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তারা তাকে ভয় দেখিয়ে নগদ সাড়ে চার হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
রেবেকা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় আশেপাশে অনেক লোক ছিল। অনেকে দেখেছেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি।
তিনি জানান, হাসপাতাল যেতে না চাইলে সব কিছু আপনা-আপনি দিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা।
রেবেকার ধারণা, আড়ং এর পেছনের মাঠের আশেপাশের অনেক টং দোকান সন্ত্রাসীদের আড্ডাখানা।
এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঘটনার পরপরই ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/২১১৪ ঘ.
bdnews24