ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে নেত্রকোনায় খুন হয়েছেন এক তরুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁদপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পূর্ব হামানকর্দি এলাকায় বিল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের পরনে ছিলো সোয়েটার, পায়ে ছিলো জুতা।
যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে হত্যার পর তার শরীর থেকে মাথা কেটে নেওয়া হয়।
ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, আটপাড়া উপজেলার রামসিদ্ধ গ্রামের নদীর পাড়ে মঙ্গলবার রাতে নূরুল ইসলাম (১৮) নামে একজনকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।
নূরুল সাইকেল মেকানিকের কাজ করতেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আটপাড়া থানার ওসি সুরত আলম। তবে হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24