নেত্রকোনা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপি কার্যালয়ে বুধবার আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য কায়সার কামাল লাঞ্ছিত হয়েছেন বলেও বিএনপির নেতারা দাবি করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দুপুরে একটি মিছিল বের হয়। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে এলে কয়েকজন নেতা-কর্মী লাটিসোটা নিয়ে হামলা চালিয়ে কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় সেখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য কায়সার কামালকে তারা লাঞ্ছিত করে।
কলমাকান্দা থানার ওসি কামরুল হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক আশরাফ উদ্দিন খান এ হামলার নিন্দা জানান।
কমলাকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হক তারা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপিই তাদের মিছিলে হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24