ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চলের আদিবাসীদের উচ্চ শিক্ষা প্রাপ্তি সহজ করতে রাঙামাটি জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দেশের ৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধনের পর রাঙামাটির জেলা প্রশাসকসহ স্থানীয়দের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
সরকারের এক বছর পূর্তির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জেলা ওয়েব পোর্টাল (তথ্য বাতায়ন) উদ্বোধন করা হয়।
রাঙামাটির বাসিন্দাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "পার্বত্য তিন জেলার জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করবো। যে বিশ্ববিদ্যালয়টি শুধু দেশে নয় বিদেশিদের দৃষ্টিও আকর্ষণ করবে।"
বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বিশেষ বাজেট থাকবে বলে জানান হাসিনা। তবে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে, তা স্পষ্ট করেননি তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "রাঙামাটিতে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিলো। কিন্তু বিগত সরকার ক্ষমতায় এসে তা আর বাস্তবায়ন করেনি।"
বিশ্ববিদ্যালয়টি পর্যটকদের জন্য একটি আকর্ষনীয় স্থান হিসেবে বিবেচিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেলা ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, ৬ হাজার ১১৬ দশমিক ১৩ বর্গ কিলোমিটার আয়তনের রাঙামাটি জেলায় লোকসংখ্যা ৫ লাখ ২৫ হাজার ১০০। ১১টি আদিবাসী জনগোষ্ঠীর ২ লাখেরও বেশি লোকের বাস সেখানে। শিক্ষার হার ৩৬ শতাংশ।
পার্বত্যবাসী তাদের অঞ্চলে বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরলে তা সমাধানেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
"একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমাদেরকে সে পর্যাপ্ত সময় দিতে হবে", একইসঙ্গে বলেন তিনি।
পার্বত্যবাসী তাদের এলাকা থেকে পূর্ণমন্ত্রী করার দাবি জানালে এ নিয়ে রসিকতাচ্ছলে প্রধানমন্ত্রী বলেন, "দীপঙ্কর তালুকদার কি এ কথা শিখিয়ে দিয়েছে।"
ভিডিও কনফারেন্সে রাঙামাটিতে তখন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্করও ছিলেন। তার সঙ্গেও কথা বলে পর্যায়ক্রমে পার্বত্যবাসীদের দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে পঞ্চগড়ের শিশু মিম প্রধানমন্ত্রীকে নতুন বছরে নতুন বই দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। প্রধানমন্ত্রীও তাকে মনোযোগ দিয়ে পড়াশোনার পরামর্শ দেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি স
bdnews24